হুমকি-তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটাল পুলিশ

তমলুকের দাপুটে তৃণমূল নেতা চঞ্চল খাঁড়াকে হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পরে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হয়।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ হুমকি ও তোলাবাজির একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং তাম্রলিপ্ত পৌরসভার তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়া। তিনি তৃণমূলের জেলা সহ-সভাপতিও। আদালতের নির্দেশে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। মঙ্গলবার, তদন্তের স্বার্থে পুলিশ চঞ্চল খাঁড়াকে তমলুক পুরসভায় নিয়ে যায়। সেখানে বর্তমান চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গিয়েছে, চঞ্চল খাঁড়া চেয়ারম্যান থাকাকালীন কী কী নথি হস্তান্তর করেছিলেন, সে বিষয়ে পুলিশ জানতে চায়। জিজ্ঞাসাবাদ শেষে, পুরসভা থেকে বের করে চঞ্চল খাঁড়াকে কোমরে দড়ি বেঁধে জেলখানা মোড় পর্যন্ত প্রায় কিছুটা পথ হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশের গাড়িতে তুলে তাঁকে তমলুক থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। এর আগে, দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পর পুলিশ তাঁকে বাড়িতেও নিয়ে গিয়েছিল তদন্তের জন্য।

তমলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানান, পুলিশ তাঁকে চঞ্চল খাঁড়া চেয়ারম্যান পদ ছাড়ার সময় কী কী নথি দিয়েছিলেন, তা জানতে চেয়েছে। তিনি জানান, মহকুমা শাসক তাঁকে চার্জ হ্যান্ডওভার করেছেন এবং তদন্তে তিনি পুলিশকে সবরকম সাহায্য করবেন।

অন্যদিকে, ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তী এই ঘটনা প্রসঙ্গে বলেন, সকল নেতাদেরই শিক্ষা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন হেনস্থার শিকার হতে না হয়। চঞ্চল খাঁড়া বর্তমানে ১২ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন এবং পুলিশ তদন্তের প্রয়োজনে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে।