নতুন তৃণমূলে যোগ দেওয়া ফিরহাদ-রথীন সহ একাধিক হেভিওয়েট নেতাকে বহিষ্কার করল মমতা, শোকজের পরই কড়া পদক্ষেপ

নতুন তৃণমূল কমিটি গঠনের পর ফিরহাদ, অরূপ সহ একাধিক নেতাকে বহিষ্কার করল তৃণমূল। শোকজের উত্তর না আসতেই কড়া পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ সোমবার নতুন তৃণমূল কমিটি গঠনের পরেই ফিরহাদ হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস, জাভেদ খান, রথীন ঘোষ সহ একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীকে দল থেকে বহিষ্কার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে আট জন নেতা-নেত্রীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতেই শোকজ নোটিশ পাঠানো হয়েছিল ফিরহাদ হাকিম, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, অরূপ বিশ্বাস, অরূপ রায়, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীদের। শোকজের উত্তর পাওয়ার আগেই তাঁদের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নিল তৃণমূল। এর আগে সোমবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর নেতৃত্বে একটি নতুন তৃণমূল কমিটি ঘোষণা করেন।

নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জাতীয় কর্মসমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও স্থান নেই। দলের চেয়ারপার্সন করা হয়েছে অরূপ রায়কে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঋতব্রত সহ চারজন। এই ঘোষণার পরই বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহিষ্কৃত নেতাদের অনেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন’ তৃণমূলে যোগ দিয়েছেন এবং নতুন কমিটিতেও স্থান পেয়েছেন। এই ঘটনা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।