ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ বিধানসভায় শপথগ্রহণের পর সই বিতর্ককে কেন্দ্র করে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। চৌরঙ্গীর নবনির্বাচিত বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতেও হানা দিল সিআইডি। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। ঘটনার সূত্রপাত বিধানসভার প্রথম দিনে। শপথগ্রহণের পর নিয়মমাফিক বিধানসভার খাতায় সই করেন নয়না বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ ওঠে, সেই সইয়ের সঙ্গে তাঁর জমা দেওয়া পুরনো সইয়ের কোনও মিল নেই। এই গুরুতর অভিযোগের পরই নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তভার হাতে নেয় সিআইডি। বৃহস্পতিবার ইদের দিনেই নয়না বন্দ্যোপাধ্যায়ের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছন সিআইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন একজন হস্তাক্ষর বিশেষজ্ঞও। বিধায়িকা বাড়িতে না থাকায় ভিডিও কলের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এই পুলিশি অভিযানে স্বভাবতই ক্ষুব্ধ ও বিরক্ত নয়না। তিনি দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন এবং শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে যাচ্ছেন বলে খবর।
শুধু নয়নাই নন, এই একই সই-কাণ্ডের তদন্তে সিআইডি-র আতশকাচের নিচে এসেছেন তৃণমূলের আরেক বিধায়ক কুণাল ঘোষও। সিআইডি আধিকারিকরা তাঁর বাড়িতেও যান, তবে কুণাল তখন উপস্থিত ছিলেন না। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আগামী দু’একদিনের মধ্যেই তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আশ্বাস দিয়েছেন। বিধানসভার অন্দরমহল থেকে রাজ্য রাজনীতিতে এই সই-বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হস্তাক্ষর বিশেষজ্ঞের রিপোর্টের পরই এর রহস্য উন্মোচিত হবে।








