ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ আসানসোলে নিউ টাউন এলাকায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL)-এর নিজস্ব জমিতে অবৈধভাবে নির্মিত তৃণমূলের একটি দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আসানসোল পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাঞ্চন মুখোপাধ্যায়ের এই কার্যালয়টি সোমবার সকালে গুঁড়িয়ে দেয় SAIL কর্তৃপক্ষ। রবিবার বিকেলে নোটিস দেওয়ার পরেই এই পদক্ষেপ করা হয় বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে, আসানসোলের বার্নপুর শহরে SAIL IISCO স্টিল প্লান্টের নিজস্ব টাউনশিপের জমিতে তৃণমূলের দলীয় কার্যালয় এবং তাদের শ্রমিক সংগঠনের কার্যালয় অবৈধভাবে তৈরি করা হয়েছে। সূত্রের খবর, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলেও এই বিষয়ে নোটিস দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। রাজ্যে সরকার পরিবর্তনের পরেই এই ধরনের অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রশাসন সক্রিয় হয়েছে।
নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও রকম দখলদারি বরদাস্ত করা হবে না এবং আইন মেনেই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে। সেই নির্দেশিকার পরেই রাজ্যজুড়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এদিন নিউ টাউনের ১১ নম্বর রোডে বুলডোজার নামে। কাউন্সিলার কাঞ্চন মুখোপাধ্যায়ের কার্যালয় ভাঙার ঘটনাটি রাজ্যজুড়ে অবৈধ নির্মাণ উচ্ছেদের অভিযানের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল। এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।







