ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ বিধানসভা নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ফের অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় এবং আইপ্যাকের অন্যতম কর্তা প্রতীক জৈনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেছেন এক তৃণমূল নেতা। একইসঙ্গে আইপ্যাক এজেন্ট রিঙ্কি মল্লিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারীর আইনজীবীর দাবি, আদালত ইতিমধ্যেই এই মামলা গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই এর শুনানি হতে পারে। জানা গেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার পলাশিপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছিল। অভিযোগকারী তৃণমূল নেতার পরিচয় গোপন রাখা হলেও, তাঁর আইনজীবী শীর্ষেন্দু দাস এই খবর নিশ্চিত করেছেন।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন তৃণমূলের অন্দরে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একাধিক নেতা মুখ খুলতে শুরু করেছেন। এই নতুন মামলা দলের অভ্যন্তরীণ কোন্দল এবং স্বচ্ছতা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের অভিযোগ দলের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং আসন্ন নির্বাচনগুলিতে এর প্রভাব দেখা যেতে পারে। এই মামলার রায় কী হয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।








