তৃণমূল ওয়ার্ড অফিসে মদের বোতল, কন্ডোম উদ্ধার! কাউন্সিলর রাজীব দাস বিক্ষোভের মুখে পরে পলায়ন

তৃণমূলের ১২৪ নম্বর ওয়ার্ড অফিসে মদের বোতল, কন্ডোম উদ্ধার। কাউন্সিলর রাজীব দাসকে ডিম বৃষ্টি ও বিক্ষোভের মুখে পলায়ন। এলাকায় তীব্র উত্তেজনা।

Share:

ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ দক্ষিণ কলকাতার ১২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড অফিস থেকে মদের বোতল, কন্ডোম, সাদা থান এবং চুড়িদার উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ওয়ার্ড অফিসকে অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন ওয়ার্ড অফিসের তালা ভেঙে তল্লাশি চালানো হয়। আপত্তিকর সামগ্রী উদ্ধারের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর রাজীব দাস। তাঁকে দেখেই জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে। সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ চলাকালীন কাউন্সিলর রাজীব দাস এবং তাঁর অনুগামীদের লক্ষ্য করে ডিম বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, কাউন্সিলরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। জনরোষের মুখে পড়ে শেষমেশ কোনোমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হন রাজীব দাস ও তাঁর অনুগামীরা।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে ওয়ার্ড অফিসকে অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনা আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর সৃষ্টি করবে।