নির্বাচন কমিশনে তৃণমূলের নতুন কর্মসমিতির তালিকা জমা, মমতা চেয়ারপার্সন

কালীঘাটপন্থী তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতির তালিকা নির্বাচন কমিশনে জমা। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন, অভিষেক সাধারণ সম্পাদক।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ কালীঘাটপন্থী তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতির তালিকা নির্বাচন কমিশনে জমা পড়েছে। এই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়ারপার্সন হিসেবে রাখা হয়েছে। খবর অনুযায়ী, সোমবার এই তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে। এই তালিকায় সহ-সভাপতি হিসেবে সুব্রত বক্সীর এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও অন্তর্ভুক্ত। মোট ২৪ জনের নাম রয়েছে এই তালিকায়।

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ মমতাকে চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে হাওড়ার নেতা অরূপ রায়কে বসিয়েছে। এই ঘটনার পরেই কালীঘাটপন্থী তৃণমূলের নতুন কর্মসমিতির তালিকা প্রকাশ্যে আসে। সোমবার যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরির তোড়জোড় করছিল, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সই করা নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটির তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেন।

যদিও ৫ জুন ঘোষিত ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে অরূপ বিশ্বাসের নাম থাকলেও, ২২ জুনের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। একই সঙ্গে আরও বেশ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কোন কমিটি বৈধ? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কমিটি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা তালিকা যা নির্বাচন কমিশনে জমা পড়েছে? এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে লড়াই শুরু হতে পারে, এমনকি জল আদালত পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।