দল ভাঙছে তৃণমূল? ঋতব্রতর নেতৃত্বে নতুন দল গড়ছেন ৫০ জন বিধায়ক!

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ৫০ জন বিধায়ক নিয়ে নতুন তৃণমূল গড়ার জল্পনা তুঙ্গে।

Share:

ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ : রাজনৈতিক মহলে জোর জল্পনা, ভাঙতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে সাসপেন্ড করার পর থেকেই এই জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, এই দুই নেতাকে ঘিরে রাজ্যের প্রায় ৫০ জন জয়ী তৃণমূল বিধায়ক নতুন দল গড়তে চলেছেন। শোনা যাচ্ছে, শীঘ্রই স্পিকারের উদ্দেশ্যে চিঠি লিখে তাঁরা দলবদলের কথা জানাবেন। রবিবার কালীঘাটে তৃণমূলের পরিষদীয় বৈঠকে মাত্র ১৯ জন বিধায়ক উপস্থিত হওয়ায় জল্পনা আরও বাড়ে। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর এবং নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে অনেক বিধায়ক বৈঠকে যোগ দিতে পারেননি।

তবে, সাসপেনশনের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকজন বিধায়কের যোগাযোগ হয়েছে বলে খবর। তাঁদের অনেকেই নাকি স্বেচ্ছায় ঋতব্রতর নেতৃত্বে নতুন দলে যোগ দিতে আগ্রহী। ইতিমধ্যেই নতুন দল গড়ার চিঠিতে নাকি বহু বিধায়ক সইও করে ফেলেছেন। এই নতুন দলে বিরোধী দলনেতার পদ কে পাবেন, তা নিয়েও আলোচনা চলছে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।