রামনবমীর অশান্তির অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদের স্বামী শাকির আলিকে গ্রেপ্তার করল NIA

রামনবমীর অশান্তির অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলিকে গ্রেপ্তার করল NIA। মঙ্গলবার রিষড়ার বাড়িতে হানা তদন্তকারী সংস্থার।

Share:

ব্যুরো নিউজ, ৩০ জুন ২০২৬ঃ মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে রিষড়ায়। রামনবমী উপলক্ষে অশান্তি সৃষ্টির অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শাকির আলিকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনী অপরূপার রিষড়ার বাড়ি ঘিরে তল্লাশি শুরু করে।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শাকির আলিকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রিষড়া থানার পুলিশও। এনআইএ অভিযানের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন বাড়ির সামনে, তবে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় কাউকেই বাড়ির কাছাকাছি ঘেঁষতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে যায়। সেই মামলার সূত্র ধরেই শাকির আলির খোঁজে মঙ্গলবার অপরূপার বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা।

অপরূপা পোদ্দার ২০১৪ এবং ২০১৯ সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি টিকিট পাননি। শাকির আলি রিষড়া পুরসভার একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এই গ্রেপ্তারকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।