পশ্চিমবঙ্গে ‘উদ্যম ক্রেডিট কার্ড’ চালু, ২ লক্ষ যুবক-যুবতী পাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা

পশ্চিমবঙ্গে চালু হল 'উদ্যম ক্রেডিট কার্ড' প্রকল্প। স্টার্টআপ ও যুব উদ্যোক্তাদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, যার মধ্যে ৫ লক্ষ টাকা অনুদান। জানুন কারা পাবেন এই সুবিধা।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ প্রজন্মকে স্বনির্ভর করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। সম্প্রতি পেশ হওয়া রাজ্য বাজেটে ‘উদ্যম ক্রেডিট কার্ড’ (Udyam Credit Card) প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ২ লক্ষ যুবক-যুবতী ও স্টার্টআপ উদ্যোক্তা আর্থিক সহায়তা পাবেন।

বিশেষত, স্টার্টআপ এবং যুব মহিলা উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘উদ্যম ক্রেডিট কার্ড’-এর আওতায় প্রত্যেক যোগ্য আবেদনকারীকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ৫ লক্ষ টাকা অনুদান (গ্রান্ট) হিসেবে এবং বাকি ৫ লক্ষ টাকা সুদবিহীন ঋণ হিসেবে প্রদান করা হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড হল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) ক্ষেত্র, যা রাজ্যের ৯০ শতাংশের বেশি শিল্প ইউনিট এবং ৫০ শতাংশ শিল্পোৎপাদনের কারণ। কৃষির পর এটিই প্রধান কর্মসংস্থানের উৎস। এই ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে এবং তরুণদের মধ্যে উদ্যোগপতি সত্তা জাগিয়ে তুলতেই ‘উদ্যম ক্রেডিট কার্ড’ চালু করা হচ্ছে। এর ফলে রাজ্যের শিল্পায়ন গতি পাবে এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্প রাজ্যের তরুণ প্রজন্মকে নিজেদের পায়ে দাঁড়াতে এবং নতুন ব্যবসা শুরু করতে এক বিরাট সুযোগ এনে দেবে।