ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ রাজ্যে কেন্দ্রীয় সরকারের ‘বিদ্যাঞ্জলি প্রকল্প’ কার্যকর করার সিদ্ধান্ত নিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির সার্বিক উন্নয়নে স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংস্থা এমনকি বেসরকারি প্রতিষ্ঠানও অংশ নিতে পারবে। এটি স্কুলগুলির পরিকাঠামো এবং শিক্ষাব্যবস্থা উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আগ্রহী স্কুলগুলিকে vidyanjali.education.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবকরা শিক্ষা, প্রশিক্ষণ, কেরিয়ার গাইডেন্স সহ বিভিন্ন পরিসেবামূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, এই প্রকল্পে অংশ নিলে স্কুলগুলি বেঞ্চ, কম্পিউটার, খেলাধুলার সরঞ্জাম এবং ডিজিটাল সরঞ্জাম সহ বিভিন্ন সামগ্রী পেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সহায়তা করতে পারবে। রাজ্যের সমস্ত জেলায় এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসাথে, ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’ মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে পড়ুয়াদের ব্যাগের ওজন শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হবে না। প্রি-প্রাইমারি পড়ুয়াদের জন্য ‘নো ব্যাগ নীতি’ এবং আপার প্রাইমারি পড়ুয়াদের জন্য ব্যাগের ওজন ১০ শতাংশের মধ্যে রাখার সুপারিশ করা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ‘ব্যাগলেস ডে’ পালনের নির্দেশ এবং বিশুদ্ধ পানীয় জল ও মিড ডে মিল সহ অন্যান্য আনুষাঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করতেও বলা হয়েছে।








