বিদ্যুৎ চুরি রুখতে রাজ্য সরকারের নতুন হাতিয়ার: আসছে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ

বিদ্যুৎ চুরি রুখতে রাজ্য সরকার আনছে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ। হুকিং বন্ধ করতে এবং অভিযোগ জানাতে এই অ্যাপ ২৪ ঘণ্টা চালু থাকবে। পরিচয় গোপন রেখে অভিযোগ জানান।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুলাই ২০২৬ : বিদ্যুৎ চুরি রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। হুকিং করে বিদ্যুৎ ব্যবহারের পুরনো অভিযোগ প্রায়শই শোনা যায়, যা বন্ধ করতে বিদ্যুৎ দফতর এবার ‘বিদ্যুৎ প্রহরী’ (Vidyut Prahari App) নামে একটি নতুন অ্যাপ চালু করতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ বিদ্যুৎ চুরির ঘটনা সরাসরি বিদ্যুৎ দফতরে জানাতে পারবেন।

জানা গিয়েছে, সম্প্রতি বিদ্যুৎ ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই অ্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অ্যাপের মূল উদ্দেশ্য হল হুকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরি সম্পূর্ণ বন্ধ করা। অ্যাপ ব্যবহার করে কেউ অভিযোগ জানালে তাঁর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, যাতে নির্ভয়ে মানুষ তথ্য দিতে পারেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ দফতরের আধিকারিকরা দ্রুত পদক্ষেপ নেবেন। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, বিভিন্ন জায়গায় কেবল বসানো হলেও চোরেরা নতুন নতুন কৌশলে বিদ্যুৎ চুরি করছে। বারবার টহলদারি করেও এই দুর্নীতি পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। তাই এই বিশেষ অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে।

শুধু অভিযোগ জানানোই নয়, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত যে কোনও তথ্যও এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা জানাতে পারবেন। বর্তমানে এক শ্রেণির ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক বিভিন্ন কৌশলে বিদ্যুৎ চুরি করছেন, যার ফলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে। এই ক্ষতি রুখতে এবং সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, সরকার সৌর প্যানেল ব্যবহারে জোর দিচ্ছে এবং ভর্তুকিও দিচ্ছে, যা বিদ্যুতের খরচ কমাতে সাহায্য করবে।