ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ রাজ্যের গণপরিবহণ ব্যবস্থায় ব্যবহৃত ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (ভিএলটিডি) নিয়ে দীর্ঘদিনের কারিগরি জটিলতা ও রিচার্জ সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে ওয়েবেল। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বহু গাড়িতে এমন ভিএলটিডি ডিভাইস লাগানো রয়েছে, যেগুলির পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বর্তমানে আর সক্রিয় নয়। ফলে রক্ষণাবেক্ষণ ও রিচার্জ নিয়ে সমস্যায় পড়ছেন গাড়ির মালিকরা। সম্প্রতি পরিবহণ দফতরের এক উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের স্পেশাল সেক্রেটারি কাঞ্চন চৌধুরী, ডিরেক্টর ট্রান্সপোর্ট দীপঙ্কর দাস এবং ওয়েবেলের প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে পুরনো ও অচল সংস্থাগুলির ডিভাইসকে প্রযুক্তিগতভাবে ‘আনট্যাগ’ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ওয়েবেলকে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিবহণ সংস্থাগুলিকে অযথা হয়রানির মুখে পড়তে না হয়। ওয়েবেলও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। অন্য দিকে, ভিএলটিডি ডিভাইস স্থাপনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। আদালতের নির্দেশের পর নতুন করে কোনও সংস্থাকে এমপ্যানেল করার সুযোগ না থাকায় বাজারে উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে।
এখন যে কোনও সংস্থা ভিএলটিডি ডিভাইস সরবরাহ ও স্থাপন করতে পারবে, যা পরিবহণ মালিকদের সামনে একাধিক বিকল্প তৈরি করবে এবং খরচ কমাতেও সাহায্য করবে। তবে নিরাপত্তা ও তথ্য সুরক্ষার জন্য ওয়েবেলের নির্ধারিত পাসওয়ার্ড ব্যবস্থা বজায় থাকবে। পরিবহণ দফতর জানিয়েছে, বাজার উন্মুক্ত হলেও পুরো ব্যবস্থার উপর নজরদারি ও নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের হাতেই থাকবে। সিটি সাবার্বান বাস সার্ভিসেসের নেতা টিটু সাহা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সমাধানের দাবি তুলেছেন।








