যোগ দিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের

রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক করল। ২১ জুন সকাল ৬.৩০টা থেকে ৭.৪৫টা পর্যন্ত এই অনুষ্ঠানে যোগ দিতে হবে। নবান্নের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যের সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ২১ জুন, শুক্রবার, সকাল ৬.৩০টা থেকে ৭.৪৫টা পর্যন্ত এই যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হবে সমস্ত সরকারি কর্মীকে। নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে। মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং সাম্মানিকের বিনিময়ে কর্মরত সকলকেই এই কর্মসূচিতে অংশ নিতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, সরকারি কর্মীরা তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন অথবা কলকাতার রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। উল্লেখ্য, ২১ জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এক বৃহৎ যোগ দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের পর থেকে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। রাজ্য সরকার এই বছর যোগ দিবসকে রাজ্যব্যাপী পালনের উদ্যোগ নিয়েছে।

সেই কারণেই বিভিন্ন সরকারি দপ্তরে এই কর্মসূচি পালনের পাশাপাশি রেড রোডেও বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সরকারি কর্মীদের যোগব্যায়ামে অংশগ্রহণ বাধ্যতামূলক করার এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য ও কর্মসংস্কৃতির উন্নতিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।