ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, আগামী জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড প্রদান শুরু হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত ৬ কোটিরও বেশি উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। পরবর্তীতে অন্যান্য যোগ্য ব্যক্তিরাও ধাপে ধাপে এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন।
মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারতে এনরোলমেন্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং জুলাইয়ের মধ্যে কার্ড বিতরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদী। এছাড়াও, আগামী ৩০ মে থেকে রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির অধীনে রাজ্যের ৭ লক্ষেরও বেশি নাবালিকাকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে এই টিকাকরণ অভিযানের সূচনা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, ন্যাশনাল হেলথ মিশনের আওতায় ভারত সরকার রাজ্যকে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৩৫০৫.৫৯ কোটি টাকার আর্থিক সাহায্য করছে। এর প্রথম কিস্তি বাবদ ৫২৭.৫৮ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, রাজ্যে ৪৯৬টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে দুরারোগ্য ব্যাধির ওষুধে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা খরচ অনেকটাই কমবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।







