ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে এবার চালু হল ‘Work From Home’ বা বাড়ি থেকে কাজের সুবিধা। সরকারি খরচ কমানো এবং পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে দপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দপ্তরের আধিকারিকদের জন্য একটি নির্দিষ্ট রোস্টার তৈরি করা হয়েছে, যেখানে সপ্তাহে একদিন করে তাঁরা বাড়ি থেকে কাজ করতে পারবেন। মোট ৯ জন আধিকারিকের নাম ও পদ উল্লেখ করে তাঁদের ‘Work From Home’-এর দিনক্ষণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন আধিকারিকদের জন্য এই সুবিধা বরাদ্দ করা হয়েছে। যেমন, সোমবার নিখিল নির্মল (IAS) এবং অরিন্দম বন্দ্যোপাধ্যায় (WBCS) বাড়ি থেকে কাজ করবেন। বুধবার চন্দ্রনাথ রায়চৌধুরী (WBCS) এবং দেবস্মিতা চট্টোপাধ্যায় (WBCS) এই সুবিধা পাবেন। ‘Work From Home’ চালুর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় ফটোকপি ও প্রিন্টিং কমানো, সমস্ত ফাইল ‘e-office’ মারফত পাঠানো এবং নতুন ফিজিক্যাল ফাইল খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের প্রধানের অনুমতি নেওয়া।
এছাড়াও, অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো এবং ‘কার পুলিং’ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে আনার উপরও জোর দেওয়া হয়েছে, বিশেষত সন্ধ্যা ৭টার পর অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে। সমস্ত মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশও দেওয়া হয়েছে, যদি না আলাদা করে উল্লেখ করা হয়। এই পদক্ষেপগুলি সরকারি কার্যকারিতা বৃদ্ধি এবং আর্থিক সাশ্রয় উভয়ই নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।








