পশ্চিমবঙ্গ পিএসসি-তে ইউপিএসসি মডেলের সংস্কার, পুরসভা ও সমবায় নিয়োগও এবার এক ছাতার তলায়; দ্রুত ফল প্রকাশের নির্দেশ রাজ্যের

পশ্চিমবঙ্গ পিএসসি-তে বড় সংস্কার! ইউপিএসসি-র আদলে নিয়োগ প্রক্রিয়া, পুরসভা ও সমবায় নিয়োগও পিএসসি-র অধীনে। দ্রুত ফল প্রকাশ ও স্বচ্ছতার নির্দেশ রাজ্যের।

Share:

ব্যুরো নিউজ, ১১ আগস্ট ২০২৬: রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল, স্বচ্ছ ও সময়বদ্ধ করতে পশ্চিমবঙ্গ সরকার এক যুগান্তকারী প্রশাসনিক সংস্কারের পথে হাঁটল। মঙ্গলবার নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে এক বিশেষ বৈঠকের পর পাবলিক সার্ভিস কমিশন (PSC)-কে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এবার থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (MSC) এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সমস্ত নিয়োগের দায়িত্বও পিএসসি-র একচ্ছত্র একতিয়ারভুক্ত করা হবে।

গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন পর্যালোচনা বৈঠকে দ্রুত ফল প্রকাশ ও আটকে থাকা পরীক্ষা নিষ্পত্তির যে নির্দেশ দেওয়া হয়েছিল, তারই বাস্তবায়নে এই রূপরেখা তৈরি হল। বর্তমানে রাজ্যের ৫৪টি দফতরের অধীনে ১৭,৭১৪টি পদে নিয়োগের অনুমোদন রয়েছে পিএসসি-র হাতে। এর মধ্যে গ্রুপ ‘এ’ ক্যাটাগরিতে ২,৪৯০টি, গ্রুপ ‘বি’ ক্যাটাগরিতে ২,৮৪৮টি এবং গ্রুপ ‘সি’/ক্ল্যারিক্যাল ক্যাটাগরিতে সর্বাধিক ১২,৩৭৬টি শূন্যপদ পূরণ করা হবে। কমিশন প্রায় ১২.৬৫ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষমাণ ফলাফল দ্রুত প্রকাশের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এর পাশাপাশি, শিগগিরই আরও প্রায় ৮,০০৬টি নতুন শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপন জারি করা হবে, যেখানে চাকরিপ্রার্থীরা বর্ধিত বয়সের বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

নিয়োগ প্রক্রিয়ার পরিকাঠামো ঢেলে সাজাতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর অনুকরণে সম্পূর্ণ সুরক্ষিত ডিজিটাল প্রসেসিং ও আধুনিক প্রযুক্তির ব্যাক-আপ নেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই – বার্ষিক পরীক্ষার নির্দিষ্ট ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলা এবং দ্রুত যোগ্য প্রার্থীদের সুপারিশ তালিকা পাঠানো। ওবিসি সংরক্ষণ তালিকা সংশোধিত হলেও, পূর্বঘোষিত সূচি অনুযায়ীই সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।