নিউজ ব্যুরো, ২২ জুন ২০২৬: রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা কর্মসূচি’ এবং ছাত্রীদের জন্য এক নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই ‘ভরসা কর্মসূচি’র আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীরা মাসিক ভাতা পাবেন। স্নাতক উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতার বেকারদের জন্য ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তবে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে এবং তারা যেন অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় না থাকেন।
অন্যদিকে, উচ্চশিক্ষায় ছাত্রীদের ঝরে পড়ার হার কমাতে রাজ্য সরকার একটি যুগান্তকারী প্রকল্প চালু করছে। সরকারি বা সরকারি পোষিত কলেজগুলিতে স্নাতক কোর্সে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীরা এককালীন ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার চলতি বাজেটে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই দুই ঘোষণাই রাজ্যের বেকার যুবক-যুবতী এবং ছাত্রীদের মধ্যে আশার আলো জাগিয়েছে।







