ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে ২০২৭ সালের জনগণনার কাজ শুরু হচ্ছে আগামী ১ অগস্ট থেকে। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ১ অগস্ট, ২০২৬ থেকে শুরু হয়ে এই জনগণনার কাজ চলবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। রাজ্যের সমস্ত নাগরিককে এই গুরুত্বপূর্ণ কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। এই প্রথমবার রাজ্যে ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “জনগণনায় আপনাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রার্থনা করব। এই জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে সেন্সাসের পরিসংখ্যান অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “এই রাজ্যের সঙ্গে ৬০০ কিলোমিটার বাংলাদেশের সীমান্ত রয়েছে। এর কিছু অংশে ফেন্সিং না থাকায় ও পূর্বতন সরকার বিএসএফকে জমি না দেওয়ার জন্য আমাদের ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে।”
অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই জনগণনার কাজ শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে দেরিতে শুরু হচ্ছে। এই দেরির জন্য পূর্বতন তৃণমূল সরকার এবং প্রাক্তন মুখ্যসচিবকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “এই বিষয়টি ক্যাবিনেটের বিষয় নয়, এটি প্রশাসনিক সিদ্ধান্ত। মুখ্যসচিব নিতে পারতেন। কিন্তু অত্যন্ত খারাপ রেকর্ড হলো, পূর্বতন মুখ্যসচিব জনগণনার ক্ষেত্রেও রাজনৈতিক সম্মতির অপেক্ষায় ছিলেন।” দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আবারও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন এই বৃহৎ কর্মযজ্ঞ সফল করার জন্য।








