ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে মদের দাম বাড়াতে রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে ইন্টারন্যাশনাল স্পিরিটস এন্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ISWAI)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই আবেদন জানানো হয়েছে, যা কার্যকর হলে রাজ্যের সুরাপ্রেমীদের পকেটে বড়সড় টান পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংস্থাটির দাবি, বিশ্ববাজারের অস্থিরতা এবং উৎপাদন খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এই মূল্যবৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার ফলে কাঁচামাল উৎপাদন প্রক্রিয়ায় গত কয়েক মাসে আনুমানিক ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত খরচ বেড়েছে। এর মধ্যে পেট্রোকেমিক্যাল কাঁচামালের দামের তীব্র ওঠানামা এবং বোতল তৈরির খরচ লাফিয়ে বেড়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, মদ উৎপাদনকারী সংস্থাগুলির সিইও সঞ্জিত পাধি এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিশ্বব্যাপী পণ্য সংকট এবং কাঁচামালের মুদ্রাস্ফীতিকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, মদ্য শিল্পের মোট উৎপাদনের আনুমানিক ৪০ থেকে ৫০ শতাংশ শুধুমাত্র প্যাকেজিংয়ের পেছনে খরচ হয়। কাঁচের বোতলের দাম প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, কারণ কাঁচ তৈরির কারখানাগুলি সম্পূর্ণ জ্বালানি নির্ভর এবং প্রাকৃতিক গ্যাস ও এলপিজির দাম আকাশছোঁয়া। এমনকি প্লাস্টিকের বোতলের দামও অনেকটাই বেড়েছে, যা সামগ্রিক উৎপাদন খরচ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে, যদি রাজ্য সরকার মদের দাম বাড়ানোর অনুমোদন না দেয়, তাহলে মদ উৎপাদনকারী সংস্থাগুলিকে লোকসানের মুখেই পড়তে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
উৎপাদন খরচ সামগ্রিকভাবে ১৫ থেকে ২০ শতাংশ বেড়ে যাওয়ায় মদের ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে বলে ISWAI পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে জানিয়েছে। দ্রুত এই প্রস্তাবে অনুমোদন না দিলে শিল্পটি বড় ক্ষতির মুখে পড়বে। সরকার অনুমোদন দিলে রাজ্যব্যাপী বিভিন্ন ব্র্যান্ডের দাম আবারও পুনর্বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী নতুন মূল্য কার্যকর হবে।








