ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের অর্থনৈতিক হাল ফেরানোর জন্য একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের আর্থিক অবস্থা বর্তমানে আশাব্যঞ্জক নয়। তাই সাধারণ মানুষের উপর করের বোঝা না চাপিয়ে, বকেয়া রাজস্ব আদায়ের উপর তিনি প্রধানত নজর দেবেন। তাঁর অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকার রাজনৈতিক কারণে রাজস্ব আদায়ে গাফিলতি করেছে, যার ফলে কোষাগারে ‘লিকেজ’ তৈরি হয়েছে।
অর্থমন্ত্রী আক্ষেপ করে বলেন, “বলতেও খারাপ লাগে যে আমাদের রাজ্যে মূল আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে মদ আর পেট্রল। ওটাকে আরেকটু প্রসারিত করতে হবে।” তিনি রাজস্ব আদায়ের ভিত্তি আরও বড় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি, বিজেপি সরকার ক্ষমতায় এলে বার্ধক্য ও অন্নপূর্ণা ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও স্মরণ করিয়ে দেন। তবে তিনি আগের সরকারের ‘ইউনিভার্সাল স্কিম’গুলির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন, যেগুলি ‘পকেট মানি’ হিসেবেও ব্যবহৃত হত। আসন্ন আট মাসের সংক্ষিপ্ত বাজেট পেশের ক্ষেত্রে জিএসটি-র মতো বিষয়গুলি যে রাজ্যের হাতে নেই, তা উল্লেখ করেন। ডিএ সংক্রান্ত জটিলতা নিয়েও তিনি অবগত বলে জানান।








