দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু, উত্তরেও ঝড়বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বুধবার থেকে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু। উত্তরেও সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস। জেনে নিন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ : প্রচণ্ড গরমের পর অবশেষে স্বস্তির খবর পেল বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ থেকে ৬৬ শতাংশের মধ্যে থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।