ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণে ‘দুই সন্তান নীতি’ চালুর বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই মর্মে একটি প্রস্তাব পেশ করেছেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শমীক ভট্টাচার্য দাবি করেছেন যে, বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমলে রাজ্যে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়েছে, যা নিয়ন্ত্রণ করা নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, “জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। বাংলায় ১০ কোটি জনসংখ্যা হতে চলেছে। অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তু যথেষ্ট চিন্তার বিষয়। আমরা যদি নিজেরাই সাত-আটটা করে সংখ্যা বৃদ্ধি করতে থাকি, তাহলে জন্মনিয়ন্ত্রণ বাধ্যতামূলক দরকার।” তাঁর মতে, এই নীতি মানুষেরও কাম্য।
ভারতের ন্যাশনাল কমিশন অন পপুলেশনের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা ১০ কোটি ৬ লক্ষ, যা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারের পরেই চতুর্থ স্থানে। অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে বর্ডারে বিএসএফ-দের জন্য জমি হস্তান্তর এবং জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলার নির্দেশ উল্লেখযোগ্য।
উল্লেখ্য, বর্তমানে উত্তরপ্রদেশ ও অসমের মতো ডবল ইঞ্জিন সরকারগুলি দুই সন্তান নীতির উপর জোর দিয়েছে। অসম সরকার দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরিতে আবেদন নিষিদ্ধ করেছে। যোগী সরকারও একই ধরনের বিল এনেছে। এখন দেখার, পশ্চিমবঙ্গ সরকারও কি একই পথে হেঁটে জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেয় কিনা। এই প্রস্তাব কার্যকর হলে রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে।








