সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা

আজ সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের হলুদ সতর্কতা জারি।

Share:

ব্যুরো নিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজ সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। বর্ষার বিদায়লগ্নে এসেও বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত। শক্তিশালী মৌসুমী অক্ষরেখার প্রভাবেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তর বিদর্ভ ও সংলগ্ন মধ্যপ্রদেশের উপর সৃষ্ট নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর বিদর্ভের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখাটি জয়সলমের, কোটা, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর বিদর্ভের নিম্নচাপ কেন্দ্র হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন এসেছে।

দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও মালদা, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব চলবে। আগামীকালও দুই বঙ্গেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।