ছুটির দিনে কাজে দ্বিগুণ পারিশ্রমিক, শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আনল রাজ্য

পশ্চিমবঙ্গে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা। ১ জুলাই থেকে কার্যকর হবে বর্ধিত মজুরি, ছুটির দিনে কাজে মিলবে দ্বিগুণ পারিশ্রমিক। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গের শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রের শ্রমিকদের জন্য বর্ধিত বেতন কাঠামো। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন কাঠামোকে ‘এ’ ও ‘বি’ দুটি জোনে ভাগ করা হয়েছে। ‘এ’ জোনে রয়েছে পুরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ এবং থার্মাল পাওয়ার প্লান্ট সংলগ্ন টাউনশিপ এলাকাগুলি, যেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি তুলনামূলক বেশি।

অন্যদিকে, রাজ্যের বাকি অংশকে ‘বি’ জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নতুন নিয়মে অদক্ষ, অর্ধ-দক্ষ এবং দক্ষ শ্রমিকদের জন্য পৃথক মজুরি নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ‘এ’ জোনের অদক্ষ শ্রমিকরা দৈনিক ৪০৬ টাকা বা মাসিক ১০,৫৫৮ টাকা পাবেন, যেখানে ‘বি’ জোনে তা দৈনিক ৩৭৫ টাকা বা মাসিক ৯,৭৬০ টাকা। একইরকমভাবে, অর্ধ-দক্ষ ও দক্ষ শ্রমিকদের মজুরিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ক্যুরিয়ার সার্ভিস, হোটেল-রেস্তরাঁ, আইটি শিল্প, বিস্কুট শিল্প, বিউটি পার্লার এবং সিকিউরিটি সার্ভিস সহ মোট ৩১টি শিল্প ও পরিষেবা ক্ষেত্র এই নতুন বেতন কাঠামোর আওতায় আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, শ্রমিকদের ছুটির দিনে কাজ করালে দ্বিগুণ হারে পারিশ্রমিক দিতে হবে। দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজের সময়সীমাও নির্দিষ্ট করা হয়েছে। শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে এই নয়া নিয়ম অত্যন্ত সহায়ক হবে। এই পদক্ষেপ রাজ্যের শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি এনেছে।