ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ জাপানের তোহোকু ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক যুগান্তকারী আবিষ্কারের দাবি করেছেন, যা ক্যানসার চিকিৎসায় বিপ্লব আনতে পারে। তারা এমন এক বিশেষ ধরনের ‘লিকুইড গোল্ড’ বা তরল সোনা তৈরি করেছেন যা প্রয়োজন অনুযায়ী নিজের আকার ও বৈশিষ্ট্য পরিবর্তন করতে সক্ষম। এই ন্যানোপার্টিক্যাল বা অতি ক্ষুদ্র সোনার কণাগুলি তাপমাত্রা ও চাপের পরিবর্তনে জীবন্ত কোষের মতো প্রতিক্রিয়া দেখায়।
গবেষকদের মতে, এই তরল সোনা বিশেষ জৈব অণুর আস্তরণে আবৃত সোনার ন্যানোকণা দিয়ে তৈরি। জলের ইন্টারফেসে থাকা এই কণাগুলি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছালে একে অপরের সাথে যুক্ত হয়ে একটি শক্তিশালী জাল তৈরি করে। আবার চাপ প্রয়োগে সেই জাল ভেঙে যায়। ক্যানসার চিকিৎসায় এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও ক্যানসার আক্রান্ত টিউমারের চারপাশের তাপমাত্রা সামান্য বেশি থাকে।
এই ‘লিকুইড গোল্ড’ প্রযুক্তির সাহায্যে এমন স্মার্ট ড্রাগ তৈরি করা সম্ভব যা শরীরের সাধারণ অংশে নিষ্ক্রিয় থাকবে। কিন্তু টিউমারের কাছাকাছি পৌঁছালে তা সক্রিয় হয়ে নির্দিষ্ট ক্যান্সার কোষের উপর ওষুধ পৌঁছে দেবে। এর ফলে কেমোথেরাপির মতো প্রচলিত চিকিৎসায় ভালো কোষ নষ্ট হওয়ার যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, তা থেকে রোগীরা মুক্তি পাবেন। বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কার মানবদেহে ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।








