অন্ডালের তরুণ শিল্পী তীর্থের স্বপ্নপূরণ, কর্নাটক চিত্রকলা পরিষদে একক প্রদর্শনী

অন্ডালের উখড়ার নবগ্রামের তরুণ শিল্পী তীর্থ বন্দ্যোপাধ্যায়ের একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে কর্নাটক চিত্রকলা পরিষদে। প্রথাগত তালিম ছাড়াই এই সাফল্য।

Share:

ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: আঁকায় প্রথাগত কোনও তালিম না থাকলেও, দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে অন্ডালের উখড়ার নবগ্রামের তরুণ শিল্পী তীর্থ বন্দ্যোপাধ্যায়ের। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রামকিঙ্কর বেইজের মতো কিংবদন্তী শিল্পীদের আঁকা ছবি যেখানে সংরক্ষিত রয়েছে, সেই কণার্টক চিত্রকলা পরিষদে এ বার প্রদর্শিত হচ্ছে তীর্থের একক চিত্র প্রদর্শনী।

আগামী ২৯শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ প্রদর্শনী। এই সম্মান অর্জন করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই তরুণ শিল্পী। বর্তমানে বেঙ্গালুরুতে একটি অ্যানিমেশন সংস্থায় কর্মরত তীর্থ। গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতায় অ্যানিমেশনের প্রশিক্ষণ নেন তিনি। কর্মসূত্রে মুম্বই, হায়দ্রাবাদ হয়ে এখন বেঙ্গালুরুতে তাঁর বাস। সেখানেই শিল্পী রঞ্জিত রায়ের সান্নিধ্যে এসে আঁকার খুঁটিনাটি শেখেন। তেল রঙের ব্যবহার জানলেও, ওয়াটার কালারেই ছবি আঁকতে ভালোবাসেন তীর্থ। রং ও জল দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলেন তাঁর কল্পনা। তাঁর শিল্পকর্মে ফুটে ওঠে প্রকৃতি ও জীবনের সরলতা।

তীর্থ জানিয়েছেন, তাঁর আঁকা প্রায় ৫০টি ছবি প্রদর্শিত হবে এই একক প্রদর্শনীতে। সমসাময়িক বিষয়ের উপরে ছবি আঁকলেও, বন্যপ্রাণ ও গ্রামীণ জীবন তাঁর ছবিতে বিশেষ স্থান পায়। তাঁর কথায়, “আমি গ্রামের ছেলে। ছোট থেকে গ্রামের পরিবেশে মানুষ হয়েছি। কংক্রিটের জঙ্গলের বদলে গ্রামীণ জীবন আমাকে আকৃষ্ট করে।”

কণার্টক চিত্রকলা পরিষদে সুরঞ্জন বসু, রেবা হোড়, দ্বিজেন গুপ্ত সহ আরও অনেক শিল্পীর একক প্রদর্শনী হয়েছে। তাই এই সুযোগকে তিনি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং জোর কদমে প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছেন। তাঁর এই সাফল্য বাংলার শিল্পপ্রেমীদের কাছে এক অনুপ্রেরণা।