ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বঙ্গোপসাগরে, অন্ধ্র-ওড়িশা উপকূলে কড়া নজর

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আন্দামান সাগর থেকে আসা নতুন সিস্টেমটি শক্তি বাড়িয়ে অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাত হানতে পারে। জারি হয়েছে সতর্কতা।

Share:

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আন্দামান সাগর থেকে এগিয়ে আসা একটি নতুন নিম্নচাপ মাসের শেষ দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। যদিও এখনই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিশ্চিত করছে না আবহাওয়া দপ্তর (আইএমডি), তবে এর শক্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

আইএমডির পর্যবেক্ষণ অনুযায়ী, থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন মায়ানমারের উপরে তৈরি ঘূর্ণাবর্তটি ২১শে অক্টোবর রাতে উত্তর আন্দামান সাগরে প্রবেশ করেছে। এটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে এবং ২৩শে অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এরপর সিস্টেমটি দ্রুত শক্তি বাড়িয়ে ২৫শে অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৬শে অক্টোবরের মধ্যে অত্যন্ত শক্তিশালী হওয়ার ইঙ্গিত রয়েছে।

কিছু আন্তর্জাতিক মডেল ২৯শে অক্টোবরের আশপাশে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। ম্যাডেন-জুলিয়ান অসিলেশনও এর অনুকূল পরিবেশ তৈরি করছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের দিকে বাঁক নিতে পারে। সম্ভাব্য দুর্যোগের আগেই ওড়িশায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

২৬শে থেকে ২৯শে অক্টোবর উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে। ২৬শে অক্টোবর বালেশ্বর, ভদ্রক, যাজপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি হয়েছে। এর পাশাপাশি তামিলনাড়ু উপকূলের কাছে থাকা অন্য নিম্নচাপটি এখনও সক্রিয়। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ু ও কেরালায় অতিভারী বৃষ্টি হয়েছে। চেন্নাই সহ একাধিক জেলায় স্কুল বন্ধ রাখতে হয়েছে। ২৫শে অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, পন্ডিচেরী ও কেরালায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।