ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ : প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ অবশেষে কিছুটা স্বস্তির খবর পেতে চলেছেন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শুক্রবার রাজ্যের ৪ জেলায় তুমুল কালবৈশাখী ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও ঝড়-বৃষ্টির দাপট দেখা যেতে পারে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, যার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি ট্রাফ এবং পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর বাংলাদেশের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ার এই পরিবর্তন। আগামীকালের আবহাওয়াতেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থেকে এখনই পুরোপুরি মুক্তি মিলছে না।







