ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ দুপুর বা বিকেলের মধ্যেই কালবৈশাখীর সঙ্গে প্রবল বৃষ্টি নামতে চলেছে। ভ্যাপসা ও ঘর্মাক্ত গরম থেকে অবশেষে স্বস্তি পেতে চলেছেন রাজ্যবাসী। তবে, এই দুর্যোগের জন্য ৫টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী এবং উত্তর ২৪ পরগনা জেলায় বিকেল বা সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম এবং বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের ভ্রূকুটি রয়েছে। জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্ষার আগমনের অপেক্ষায় থাকা রাজ্যবাসীর জন্য সুখবর হল, আগামী ৫ থেকে ১৮ জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। আপাতত, কালবৈশাখীর পূর্বাভাসে স্বস্তির নিশ্বাস ফেলছেন দক্ষিণবঙ্গের মানুষ।








