ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: শনিবার মহালয়ার দেবীপক্ষের সূচনায় পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আকাশ মেঘলা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বেলা বা সন্ধ্যা নাগাদ হালকা বৃষ্টি দেখা যেতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শহরের তাপমাত্রাও অনেকটা কমেছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দুর্গাপুজোর আর মাত্র সাতদিন বাকি। এই পরিস্থিতিতে তাপমাত্রার এই পতন কিছুটা স্বস্তি দিলেও, হালকা বৃষ্টির পূর্বাভাস কেনাকাটায় কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গ জুড়ে সার্বিকভাবে শুষ্ক আবহাওয়া থাকলেও, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।








