ব্যুরো নিউজ, ৩ অক্টোবর ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের জামতলায় এবারের দুর্গাপূজায় এক অভিনব চমক নিয়ে আসছে ট্যাংরাবিচি ৩ পল্লি সংঘ ক্লাব। মাত্র চার বছর আগে শুরু হওয়া এই পুজো ইতিমধ্যেই জেলার দুর্গাপূজার মানচিত্রে নিজেদের জায়গা করে নিয়েছে।
এবছর তাদের মূল আকর্ষণ হল একটি বিশাল অক্টোপাসের আদলে তৈরি মণ্ডপ। দর্শনার্থীরা যখন মণ্ডপে প্রবেশ করবেন, তখন তাদের মনে হবে যেন এক অতিকায় সামুদ্রিক প্রাণীর পেটের মধ্যে দিয়ে তারা হেঁটে চলেছেন।
এই অনন্য অভিজ্ঞতা দিতেই ক্লাব সদস্যরা দিনরাত এক করে কাজ করছেন। কুলতলি ব্লকের জামতলা থেকে কিছুটা দূরে ট্যাংরাবিচি গ্রামের এক ফাঁকা মাঠে চলছে এই বিশাল মণ্ডপ তৈরির কাজ। প্রথমে মজবুত বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে, যা অক্টোপাসের বিশাল আকৃতিকে ধারণ করবে। এরপর তার ওপর চটের বস্তা দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে, এবং সবশেষে সিমেন্টের আস্তরণ দিয়ে অক্টোপাসের মসৃণ ও বাস্তবসম্মত রূপ দেওয়া হচ্ছে।
মণ্ডপের পাশাপাশি থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জার ব্যবস্থাও, যা রাতের বেলায় এই অক্টোপাস মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলবে। ক্লাব কর্তৃপক্ষের আশা, তাদের এই অভিনব থিম এবং পরিশ্রমী কাজ এই বছর অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করবে।
গত কয়েক বছরে এই পুজো তার সৃজনশীলতার জন্য পরিচিতি লাভ করেছে যা তাঁরা ২০২৬ সালেও তারা সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর। দক্ষিণ ২৪ পরগনার এই প্রত্যন্ত গ্রামে এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং এটি দুর্গাপূজার আনন্দকে নতুন মাত্রা দেবে।








