বিধায়ক পদে শপথের আগেই শিয়ালদা আদালতে রত্না দেবনাথ, আরজি কর কাণ্ডে আরও ৩ জনের গ্রেফতারির দাবি

আরজি কর কাণ্ডে আরও তিন সন্দেহভাজনকে গ্রেফতারের দাবিতে শিয়ালদা আদালতে রত্না দেবনাথ। বিধায়ক পদে শপথের আগেই অভয়ার মায়ের এই পদক্ষেপ নতুন মোড় আনল।

Share:

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ আরজি কর কাণ্ডে নির্যাতিতা অভয়ার মা রত্না দেবনাথ বিধায়ক পদে শপথ নেওয়ার আগেই শিয়ালদা আদালতে হাজির হয়ে আরও তিন সন্দেহভাজনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পানিহাটি থেকে সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক রত্না দেবনাথের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, তিনি আদালতে একটি আবেদন জমা দিয়েছেন, যেখানে তিনজনের নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। আজই এই আবেদনের শুনানি হতে পারে। দীর্ঘ দু’বছর ধরে মেয়ের বিচার চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটাতে পারেননি। এর পিছনে আরও অনেকের হাত রয়েছে। যদিও কলকাতা পুলিশ ও সিবিআই একমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রত্না দেবনাথ বরাবরই দাবি করে এসেছেন, তাঁর মেয়ের বিচার সম্পূর্ণ হয়নি। এই বিচার আদায়ের লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন।

বিধায়ক হিসেবে শপথগ্রহণের আগে আদালতে তাঁর এই উপস্থিতি আবারও প্রমাণ করে যে, মেয়ের বিচারই তাঁর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সংবাদমাধ্যমকে রত্না দেবী জানিয়েছেন, “আমরা কোর্টে একটা পুট আপ দিয়েছি। তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের তালিকাও আমরা জমা দিয়েছি।” তবে এই তিন সন্দেহভাজন কারা, তা এখনও স্পষ্ট নয়। আগামী আগস্ট মাসে আরজি কর কাণ্ডের দু’বছর পূর্ণ হবে। রত্না দেবনাথের এই নতুন পদক্ষেপ মামলার তদন্তে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে।