কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬: জেনে নিন শুভ তিথি ও নির্ঘণ্ট

২০২৬ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর শুভ তিথি ও নির্ঘণ্ট জেনে নিন। ২৫ অক্টোবর, রবিবার এই পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে বিস্তারিত সময়।

Share:

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: উমা বিদায়ের পর এবার ঘরে ঘরে লক্ষ্মী আরাধনার পালা।

প্রতি বছর দুর্গাপুজোর পর কোজাগরী পূর্ণিমার রাতে ধনদেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটি পরিবার। শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি গৃহস্থের অন্দরমহল। এই বিশেষ পুজোকে কেন্দ্র করে আলপনা ও নানা উপাচারে সেজে ওঠে পুজোর স্থান। মাটির সরা, প্রতিমা কিংবা নবপত্রিকায় দেবীর আরাধনা করা হয়।

কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো’৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বের হন এবং দেখেন কে সারারাত জেগে তাঁর আরাধনা করছেন। যে ব্যক্তি জেগে থাকেন, মা লক্ষ্মী তাঁকে ধনসম্পত্তি দান করেন বলে মনে করা হয়। ২০২৬ সালের কোজাগরী লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হবে ২৫শে অক্টোবর, রবিবার। এই দিনে বাঙালি হিন্দুরা নিষ্ঠা সহকারে দেবীর পুজো করেন।

পঞ্জিকা মতে, এই বছরের শুভ তিথি ও নির্ঘণ্ট হল:

  • বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী: ২৫ অক্টোবর, রবিবার, বেলা ১১টা ৫৮ মিনিটে পূর্ণিমা তিথি শুরু এবং তিথি শেষ ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪২ মিনিটে।
  • গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী: ২৫ অক্টোবর, রবিবার, সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু এবং তিথি শেষ ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ডে।

কৃষি সমাজের সঙ্গে কোজাগরী লক্ষ্মীপুজোর এক নিবিড় সম্পর্ক রয়েছে। নতুন ফসলের আগমনে দেবীর আরাধনা করা হয়, যা সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক। এই পুজো কেবল ধনসম্পদের জন্য নয়, বরং পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হয়। এই দিন বাঙালি বাড়িতে লুচি, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মোয়া, ফলমূল ও নানা মিষ্টি দিয়ে দেবীর ভোগ নিবেদন করা হয়।