বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! ‘আকভান’ ঘিরে বাড়ছে উদ্বেগ

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। সম্ভাব্য নাম ‘আকভান’। দক্ষিণবঙ্গের আবহাওয়া ও তাপমাত্রার সর্বশেষ পূর্বাভাস জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬ : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি অর্ণব ও মুরাসুর পর এবার ‘আকভান’ নামে নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ঘিরে বাড়ছে উদ্বেগ। যদিও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। সপ্তাহান্তে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘আকভান’, যা ইরানের প্রস্তাবিত নাম। তবে এর সম্ভাব্য গতিপথ এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, আগামী দু’-তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম, তবে সকালের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে।

উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়ার উপরও নজর রাখছে মৌসম ভবন।