ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: ভারতের মানচিত্র পরিষেবায় এবার বড়সড় চমক নিয়ে হাজির Apple! আরও নিখুঁত নেভিগেশন, চোখধাঁধানো 3D ছবি এবং ১১টি ভারতীয় ভাষার সুবিধা নিয়ে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করল Apple Maps। শহর থেকে ছোট শহর, এমনকী অপরিচিত রাস্তাতেও এবার পথ খুঁজে পাওয়া হবে আরও সহজ।
নতুন Apple Maps-এ যুক্ত হয়েছে ৩০০টিরও বেশি 3D ল্যান্ডমার্ক এবং ৪.৮ কোটিরও বেশি গুরুত্বপূর্ণ স্থান বা Points of Interest (POI)। পাশাপাশি রয়েছে ‘Look Around’ ফিচার, যার সাহায্যে কোনও জায়গায় না গিয়েও রাস্তার বাস্তব ছবি ও চারপাশের পরিবেশ দেখা যাবে।
সবচেয়ে বড় আকর্ষণ ভাষার সুবিধা। ইংরেজি ও হিন্দির পাশাপাশি এবার বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলুগু, পাঞ্জাবি, ওড়িয়া এবং উর্দু ভাষায় ম্যাপের তথ্য দেখা যাবে। অর্থাৎ, মোট ১১টি অতিরিক্ত ভারতীয় ভাষা যুক্ত হয়েছে।
এছাড়াও রয়েছে AR Walking Directions, Lane Guidance এবং উন্নত ভয়েস নেভিগেশন। পেট্রল পাম্প বা ট্রাফিক সিগন্যালের মতো পরিচিত চিহ্ন দেখিয়েও পথ নির্দেশ করবে অ্যাপটি। একসঙ্গে সর্বোচ্চ ১৫টি গন্তব্য যুক্ত করে যাত্রাপথ তৈরি করা যাবে।
কলকাতা-সহ আটটি শহরে গণপরিবহণের রুট এবং ভারতীয় রেলের যাত্রাপথ পরিকল্পনার সুবিধাও থাকছে। নতুন ফিচারগুলি Apple-এর বিভিন্ন ডিভাইসে ব্যবহারকারীদের যাত্রার অভিজ্ঞতা আরও সহজ করে তুলবে।









