সিদ্ধান্তের সমালোচনা করো, প্রতিষ্ঠানকে নয় — দেশকে বড় বার্তা প্রধান বিচারপতির

সাংবিধানিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তের সমালোচনা ও প্রতিষ্ঠানকে নিশানা করার পার্থক্য বুঝিয়ে পড়ুয়াদের ধৈর্য ও নিরন্তর চেষ্টার পরামর্শ দিলেন CJI সূর্যকান্ত।

Share:

ব্যুরো নিউজ, ২২শে নভেম্বর ২০২৬ : গণতন্ত্রে প্রশ্ন তোলা অপরাধ নয়, অধিকার। কিন্তু সেই প্রশ্ন যখন কোনও একটা সিদ্ধান্তের গণ্ডি পেরিয়ে গোটা প্রতিষ্ঠানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, তখনই বিপদ। ঠিক এই জায়গাতেই দেশের মানুষকে থামতে বললেন দেশের প্রধান বিচারপতি বিচারপতি সূর্য কান্ত। তাঁর স্পষ্ট বার্তা, কোনও সিদ্ধান্ত পছন্দ না হতেই পারে, তা নিয়ে তর্ক হোক, বিতর্ক হোক, সমালোচনা হোক — কিন্তু সেই কারণে প্রতিষ্ঠানের ওপর থেকে আস্থা উঠে যাওয়া উচিত নয়। কারণ সিদ্ধান্ত বদলায়, মানুষ বদলায়, কিন্তু প্রতিষ্ঠানই গণতন্ত্রকে ধরে রাখে।

হিমাচল প্রদেশের ধর্মশালায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানের পর পড়ুয়াদের সঙ্গে আলাপে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসে। প্রধান বিচারপতি বলেন, অনেকেই প্রতিষ্ঠানের একটি সিদ্ধান্তকে পুরো প্রতিষ্ঠানের সঙ্গে গুলিয়ে ফেলেন। একটি রায় বা পদক্ষেপ অপছন্দ হলেই ভাবেন, গোটা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। এই মানসিকতা ক্রমশ গণতন্ত্রের স্তম্ভ প্রতিষ্ঠানগুলির প্রতি মানুষের আস্থা দুর্বল করছে।

তিনি আরও জানান, মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য। সবাই একমত হওয়া সম্ভব নয়, উচিতও নয়। তবে বিরোধিতার ভাষা যেন প্রতিষ্ঠান ভাঙার ভাষায় না দাঁড়ায়, সেদিকে নজর রাখা জরুরি। সিদ্ধান্তের সমালোচনা মানে তাকে উন্নত করার চেষ্টা, আর প্রতিষ্ঠানকে নিশানা করা মানে তার ভিত নাড়িয়ে দেওয়া। এই পার্থক্য বুঝতে পারলে নাগরিক হিসেবে আমরা আরও পরিণত হব। প্রধান বিচারপতির এই কথা শুধু আদালতের নয়, সংসদ, নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় ও সংবাদমাধ্যমসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

সমাবর্তনে পড়ুয়াদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, লক্ষ্যে পৌঁছতে ধৈর্য জরুরি। হিমালয়ের উদাহরণ টেনে তিনি জানান, পাহাড়ের চূড়ায় সরাসরি পথে পৌঁছানো যায় না; আঁকাবাঁকা, চড়াই-উতরাই আর ঝড় পেরিয়েই যেতে হয়। জীবনের সাফল্যও মসৃণ নয়। বাধা ও হোঁচট আসবেই, তবে তখন লক্ষ্য ছাড়া চলবে না। নিয়মিত চেষ্টা আর কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহসই মানুষকে আলাদা করে।