ব্যুরো নিউজ, ২২শে নভেম্বর ২০২৬ : দ্বাদশ শ্রেণিতে আর্টস বা হিউম্যানিটিজ নিয়ে পড়ছেন বলে কি আইআইটির স্বপ্নটা মনের কোণে চাপা পড়ে গেছে? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ খবর। আর্টসের ছাত্রছাত্রীদের জন্যও আইআইটির দরজা খোলা আছে, শুধু জানতে হবে সঠিক রাস্তাটা কোনটা।
হ্যাঁ, এটা সত্যি যে আইআইটির বিটেক ও বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য দ্বাদশে পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত (PCM) পড়া বাধ্যতামূলক। সেখানে ঢুকতে JEE Main ও পরে JEE Advanced-এর মতো কঠিন পরীক্ষা পেরোতে হয়। মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা সাধারণত এই বিষয়গুলো পড়ে না, তাই PCM ছাড়া তারা স্বাভাবিক নিয়মে বিটেক বা ইঞ্জিনিয়ারিং কোর্সে যোগ্য হয় না। তবে গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই আসল চমক শুরু।!
ডিজাইনে আগ্রহী সৃজনশীল পড়ুয়াদের জন্য আইআইটি একটি বিকল্প পথ দিয়েছে—ব্যাচেলর অফ ডিজাইন বা B.Des। ভর্তির জন্য লাগে ইউসিইইডি (ইউজি কমন এন্ট্রান্স এগজামিনেশন ফর ডিজাইন)। ইউসিইইডি -এর র্যাঙ্ক ও প্রতিষ্ঠানের শর্ত অনুযায়ীআইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি হায়দ্রাবাদ অথবা আইআইটি ইন্দোর -এর মতো প্রতিষ্ঠানে সুযোগ মিলতে পারে। আর্টস বা হিউম্যানিটিজের পড়ুয়ারাও যোগ্যতা পূরণ করলে আবেদন করতে পারেন।
তবে একটা কথা মনে রাখা ভীষণ জরুরি, সব আইআইটিতে নিয়ম এক নয়। যেমন IIT Guwahati এবং IIT Roorkee-তে B.Des-এ ভর্তির জন্যও দ্বাদশ শ্রেণিতে PCM থাকা দরকার। ফলে ইউসিইইডি দেওয়ার আগে প্রতিটি প্রতিষ্ঠানের যোগ্যতা ও ভর্তির শর্ত ভালো করে যাচাই করে নিন। কারণ শুধু পরীক্ষায় বসার সুযোগ থাকলেই সব আইআইটির সব কোর্সে ভর্তির যোগ্যতা তৈরি হয় না।
সিদ্ধান্ত একটাই: পছন্দের কোর্স, বিষয়ের শর্ত ও ইউসিইইডি ফল মিলিয়েই আপনার সুযোগ ঠিক হবে। আর্টস পড়া মানেই পিছিয়ে থাকা নয়; সঠিক পরিকল্পনায় আইআইটি ক্যাম্পাসের স্বপ্নও সত্যি হতে পারে।!









