ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: গড়িয়ার ফর্তাবাদে এক ভয়াবহ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লিভ ইন পার্টনার সার্থক সরকারকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকা সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুর বিরুদ্ধে। শনিবার রাতে ফ্ল্যাটে অশান্তির জেরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ অভিযুক্ত তরুণী ও তাঁর মাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বারাসতের বাসিন্দা সার্থক সরকার গড়িয়ার ফর্তাবাদের একটি ফ্ল্যাটে সঞ্চালিকার সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। শনিবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছায়। ফ্ল্যাট থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ডাকাডাকির পর তা খোলা হয়। দরজা খুলে প্রতিবেশীরা দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন সার্থক। তাঁর কাঁধে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ।
তাঁদের দাবি, সার্থক নাকি তরুণীর উপর অত্যাচার করতেন। তবে পুলিশ এই দাবি খতিয়ে দেখছে। কী কারণে এই খুনের ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশ টাকা-পয়সা বা অন্য কোনও বিবাদকে প্রাথমিক কারণ হিসেবে অনুমান করছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।









