ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর ২০২৬: দিনের মটনের পদ মানেই আলু দিয়ে পাতলা ঝোল বা কষা—এমনটা নয়। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মটন কালা ভুনা। মশলার গাঢ় স্বাদ আর কষানো মাংসের এই পদ জমিয়ে দিতে পারে দুপুরের খাওয়াদাওয়া। রইল সহজ রেসিপি, তবে রান্নার জন্য হাতে কিছুটা সময় রাখুন।
এই পদ বানাতে লাগবে ২ কেজি মটন, ৫ চা চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা, ১ কেজি পেঁয়াজ কুচি, নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার জন্য রাখুন শুকনো লঙ্কা, জয়ত্রী, এলাচ, জিরে, তারা ফুল, রাঁধুনি, কাবাব চিনি, মৌরি, দারচিনি, গোলমরিচ, বড় এলাচ ও লবঙ্গ। লাগবে সাদা তেলও। প্রথমে মটন ধুয়ে আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিন।
কড়াইতে তেল গরম করে ৫০০ গ্রাম পেঁয়াজ লাল করে ভেজে মাংসের সঙ্গে মেশান। ভাজার তেল থেকেও সামান্য দিয়ে ভালো করে মেখে ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এরপর মটন কড়াইতে দিয়ে পাঁচ মিনিট জোর আঁচে কষান। মাংস থেকে জল বেরোলে আঁচ কমিয়ে আরও কষিয়ে প্রেসার কুকারে নিন। প্রয়োজনমতো জল দিয়ে পাঁচটি সিটি দিন। এদিকে শুকনো কড়াইতে বাকি গোটা মশলাগুলি ভেজে গুঁড়ো করুন। সেদ্ধ মাংসে সেই মশলা মিশিয়ে কষিয়ে নিলেই তৈরি কালা ভুনা। মাংস নরম হয়েছে কি না দেখে পরিবেশন করুন গরম ভাত বা রুটির সঙ্গে।









