এপস্টিনের বাড়িতে ধর্ষণের শিকার মডেল! বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ, এখনও মডেলিং সংস্থা চালাচ্ছেন সেই এজেন্সি প্রধান!

জেফরি এফস্টাইনের সহযোগী মডেল সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নির্যাতনের শিকার হওয়া মডেলের গুরুতর অভিযোগ। মডেলকে বিপদে ফেলার অভিযোগ উঠেছে।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে ফের সামনে এল ভয়াবহ অভিযোগ! এবার এক নির্যাতিতা মহিলার দাবি, তাঁকে এপস্টিনের ফ্লোরিডার বাড়িতে ফটোশুটের জন্য পাঠিয়ে কার্যত বিপদের মুখে ঠেলে দিয়েছিল তাঁরই মডেলিং এজেন্সি। আরও চাঞ্চল্যকর বিষয়, অভিযোগের কেন্দ্রে থাকা সেই এজেন্সির তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেফ ফুলার এখনও অন্য একটি মডেলিং সংস্থা পরিচালনা করছেন।

বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে উজবেকিস্তানের বাসিন্দা রোজা জানিয়েছেন, ২০০৯ সালে মাত্র ১৮ বছর বয়সে আমেরিকায় আসার প্রায় এক মাসের মধ্যেই তাঁকে MC2 Model Management-এর মার্কিন শাখা থেকে এপস্টিনের পাম বিচের বাড়িতে দুটি ফটোশুটের জন্য পাঠানো হয়। সেই সময় নাবালিকার উপর যৌন অপরাধে দোষী সাব্যস্ত এপস্টিন কারাদণ্ড ভোগ করলেও প্রতিদিন নিজের বাড়ি থেকে কাজ করার অনুমতি পেয়েছিলেন।

রোজার অভিযোগ, তাঁর এজেন্সি জানত তিনি ঠিক কোথায় যাচ্ছেন। ফলে এজেন্সির তৎকালীন মার্কিন প্রধান জেফ ফুলারও বিষয়টি জানতেন বলে তাঁর দাবি। রোজার কথায়, তাঁকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল এজেন্সির, অথচ তারাই তাঁকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল।

উল্লেখ্য, জেফ ফুলার বর্তমানে The Source Models নামে অন্য একটি মার্কিন মডেলিং এজেন্সি পরিচালনা করেন।

রোজার বক্তব্য, এই ঘটনার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে। এপস্টিন কাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেছে এই অভিযোগ।