যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর শাস্তি মৃত্যুদণ্ড! কঙ্গোয় ৬৬ সেনাকে ফাঁসির সাজা, বিদ্রোহ দমনে কড়া বার্তা সেনাবাহিনীর!

কঙ্গোতে ৬৭ সেনার মৃত্যুদণ্ড! কাপুরুষতা ও বিদ্রোহের অভিযোগে এই রায়। পূর্ব কঙ্গোর ওয়ালিকালিতে সামরিক আদালতে বিচার সম্পন্ন।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: যুদ্ধক্ষেত্রে দায়িত্ব ছেড়ে পালানো, নির্দেশ অমান্য এবং বিদ্রোহের অভিযোগে একসঙ্গে ৬৬ জন সেনাকে মৃত্যুদণ্ড দিল ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো (DR Congo)-র সামরিক আদালত। পূর্ব কঙ্গোর উত্তর কিভু প্রদেশের ওয়ালিকালে শহরে এই রায় ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোট ৭১ জন সেনার বিরুদ্ধে সামরিক আদালতে বিচার চলে। তাঁদের মধ্যে ৬৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চারজনকে বেকসুর খালাস করা হয়েছে এবং অন্য এক সেনাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ, গত ২০ অক্টোবর ওয়ালিকালেতে বিদ্রোহী গোষ্ঠী FRN-এর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ওই সেনারা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যান। FRN জোটের মধ্যে রয়েছে কুখ্যাত M23 বিদ্রোহী গোষ্ঠী।

কঙ্গো সেনাবাহিনীর দাবি, সেনাদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ ফিরিয়ে আনতেই এই বিচার প্রক্রিয়া। দীর্ঘ কয়েক দশক ধরে পূর্ব কঙ্গোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর দুর্বল সংগঠন, অপর্যাপ্ত সরঞ্জাম এবং কম বেতন নিয়েও বারবার প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, M23-কে সমর্থন করার জন্য কঙ্গো সরকার প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করে আসছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কিগালি।

যুদ্ধের ময়দানে সেনাদের শৃঙ্খলা ফেরাতে এই কঠোর পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নিয়ে এখন নজর আন্তর্জাতিক মহলের।