বাগদায় স্ত্রীর গায়ে আগুন দিয়ে খুনের অভিযোগ, হাসিমুখেই পুলিশের হাতে ধরা পড়ল স্বামী!

উত্তর ২৪ পরগনার বাগদায় এক গৃহবধূকে মারধর করে গায়ে আগুন লাগিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬ : উত্তর ২৪ পরগনার বাগদায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক গৃহবধূকে মারধর করে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ নিহতের স্বামীকে গ্রেফতার করেছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, পুলিশ যখন অভিযুক্তকে থানা থেকে বের করছিল, তখনও সে সাংবাদিকদের সামনে হাসিমুখে পোজ দিচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম অপর্ণা পোদ্দার। তাঁর প্রথম স্বামীর মৃত্যুর পর প্রবীর পোদ্দার নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। অপর্ণাদেবীর বোনের অভিযোগ, মৃত্যুর আগে অগ্নিদগ্ধ অবস্থায় অপর্ণা নিজেই জানিয়েছিলেন যে তাঁর স্বামী প্রবীরই তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। এই ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত প্রবীর পোদ্দারকে গ্রেফতার করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।