মমতার ভাইয়ের বাড়িতে শুভেন্দু অধিকারী! পা ছুঁয়ে প্রণাম করে স্বাগত জানালেন বাবুন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কালীপুজোয় অংশ নিলেন। বাবুন স্বয়ং তাঁকে প্রণাম করে স্বাগত জানান।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু। মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু বাড়িতে যাওয়া নয়, শুভেন্দুকে স্বাগত জানাতে নিজেই এগিয়ে আসেন বাবুন। এমনকি পায়ে হাত দিয়ে প্রণাম করেও তাঁকে অভ্যর্থনা জানান তিনি। এরপর বাবুনের বাড়ির কালীপুজোয় অংশ নেন শুভেন্দু অধিকারী। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

জানা গিয়েছে, বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই আমন্ত্রণ রক্ষা করতেই মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরের হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় বাবুনের বাড়িতে পৌঁছন তিনি। শুভেন্দুর গাড়ি বাড়িতে ঢুকতেই তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন বাবুন। এরপর পুজোর অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা। কালীমূর্তির সামনে আরতিতেও অংশ নিতে দেখা যায় তাঁকে।

শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর বাবুন বন্দ্যোপাধ্যায় জানান, তিনি শুভেন্দুকে পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “দাদা তুমি এগিয়ে চল, আমরা তোমার সঙ্গে আছি।” যদিও ব্যস্ততার কারণে শুভেন্দুর সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হয়নি বলেও জানিয়েছেন বাবুন।

 

আগের রাজনৈতিক জল্পনায় নতুন মাত্রা

 

উল্লেখ্য, এর আগেও বাবুন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাবুনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছিলেন তিনি।

সেই ঘটনার পর এবার সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে বাবুনের এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে তাঁর ভাইয়ের বাড়িতে বিরোধী দলনেতার উপস্থিতি এবং বাবুনের প্রকাশ্য অভ্যর্থনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে এই সাক্ষাতের পিছনে কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, নাকি এটি নিছকই কালীপুজোর সৌজন্য সাক্ষাৎ—তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা মেলেনি। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করেই সরগরম রাজ্য রাজনীতি।