ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: ব্রিটেনের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি RAF Fairford-কে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য! ইরান-ঘনিষ্ঠ তিন অপারেটিভের বিরুদ্ধে আমেরিকায় একাধিক সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। মার্কিন প্রশাসনের দাবি, গত সেপ্টেম্বর মাসে ব্রিটেনের RAF Fairford বিমানঘাঁটির কাছে সন্দেহজনক ঘটনার পিছনেও তাদের ভূমিকা ছিল।
অভিযুক্ত তিনজন হলেন ইরানের মহসেন মোহাজেরি, ইরাকি নাগরিক মহম্মদ আলি আল-হাসানি এবং ইরান-ইরাকি দ্বৈত নাগরিক মহম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি। মার্কিন অভিযোগ অনুযায়ী, তাঁরা ‘হারাকাত আসহাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ (HAYI) নামে একটি গোষ্ঠীর পরিচয়ে ইউরোপের বিভিন্ন দেশে হামলার পরিকল্পনা করেছিলেন।
মার্কিন বিচার বিভাগের দাবি, ২০২৬ সালের বসন্তে ইউরোপে এই গোষ্ঠীর নামে ১৮টি হামলার দায় স্বীকার করা হয়েছিল, যার মধ্যে সাতটি ব্রিটেনে। অগ্নিসংযোগ, বিস্ফোরক ব্যবহার এবং লন্ডনে দুই ইহুদি নাগরিকের উপর ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে।
এদিকে RAF Fairford ঘটনার তদন্তে ব্রিটেনে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তার কারণে গত মাসে ওই ঘাঁটি থেকে সমস্ত মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়।
তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ইরান। ফলে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।









