ব্যাটারির বর্জ্য বিদেশে পাঠানোয় নিষেধাজ্ঞা! লিথিয়াম-আয়নের ‘ব্ল্যাক মাস’ রফতানি বন্ধ করল কেন্দ্র, বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের!

লিথিয়াম-আয়ন ব্যাটারির বর্জ্য ও স্ক্র্যাপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। পরিবেশ সুরক্ষা ও মূল্যবান ধাতু পুনরুদ্ধারের লক্ষ্যে এই পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: দেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ধরে রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের! এবার থেকে নির্দিষ্ট ধরনের লিথিয়াম-আয়ন ব্যাটারির বর্জ্য ও স্ক্র্যাপ বিদেশে রফতানি করা যাবে না। মঙ্গলবার, ১০ নভেম্বর এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT)। নির্দেশিকা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন নিয়মে নির্দিষ্ট ধরনের বাছাই না করা ব্যাটারি বর্জ্য, বিশেষত ‘লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্ল্যাক মাস’-এর রফতানি নীতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। আগে এই ধরনের বর্জ্য ‘ফ্রি’ ক্যাটাগরিতে রফতানি করা যেত। এবার সেটিকে ‘প্রোহিবিটেড’ বা নিষিদ্ধ তালিকায় নিয়ে আসা হয়েছে।

কী এই ব্ল্যাক মাস? ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি ভেঙে ও প্রক্রিয়াকরণের পর তৈরি হয় কালচে গুঁড়োর মতো এই পদার্থ। এর মধ্যে থাকে লিথিয়াম, কোবাল্ট ও নিকেলের মতো অত্যন্ত মূল্যবান খনিজ, যা নতুন ব্যাটারি তৈরিতে কাজে লাগে।

কেন্দ্রের লক্ষ্য, এই মূল্যবান খনিজ দেশেই পুনরুদ্ধার করা এবং ব্যাটারি পুনর্ব্যবহার শিল্পকে শক্তিশালী করা। বিশেষত বৈদ্যুতিক গাড়ি ও শক্তি সঞ্চয় শিল্পের জন্য দেশীয় কাঁচামালের জোগান নিশ্চিত করাই এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

তবে মনে রাখতে হবে, সব ধরনের ব্যাটারি বা ব্যাটারির বর্জ্য রফতানিতে নিষেধাজ্ঞা জারি হয়নি। এই নির্দেশ নির্দিষ্ট শ্রেণির বাছাই না করা বর্জ্যের ক্ষেত্রেই প্রযোজ্য।