বোমা বিস্ফোরণে হাত হারানো মেয়ের বাবার দেহ উদ্ধার! ঘটনায় শোকের ছায়া এলাকায়

বোমায় হাত হারানো মেয়ের বাবা শম্ভু হালদারের দেহ বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার। স্নায়ুরোগ ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: আট বছর আগে বোমা বিস্ফোরণে বাম হাত হারানো ছোট্ট পৌলমী হালদারের পরিবারে নেমে এল আরও এক ভয়াবহ বিপর্যয়। বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার হল পৌলমীর বাবা শম্ভু হালদারের (৪৬) মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন শম্ভু হালদার। সারাদিন খোঁজ না পেয়ে রাতে হাড়োয়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। বুধবার সকালে বাড়ির পিছনের পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে দেহটি শম্ভু হালদারের বলে শনাক্ত করেন। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১৮ সালে বোমা বিস্ফোরণে পৌলমী তার বাম হাত হারায়। সরকারি সাহায্যের প্রতিশ্রুতি পেলেও পরিবার তা পায়নি বলে অভিযোগ। মেয়ের চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন শম্ভু হালদার। জানা গিয়েছে, শম্ভু হালদার দীর্ঘদিন ধরে স্নায়ুরোগ ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

পরিবারের একমাত্র রোজগেরে শম্ভুর মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে। ভাগ্নে জানিয়েছেন, ‘মামা বাজারে যাব বলে বেরিয়েছিল। তারপর থেকে আর কোনও খোঁজ ছিল না। আজ সকালে পুকুরে মামার দেহ ভেসে উঠতে দেখি। পৌলমীর বাবা ছাড়া এই পরিবারের আর কেউ রইল না। সরকারের কাছে অনুরোধ, এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াক।’ প্রতিবেশীরাও শম্ভুর এমন মৃত্যুতে শোকাহত।