ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: টালা রেলওয়ে ব্রিজের নীচে পানীয় জলের পাইপলাইনের লিকেজ মেরামতির কাজ শুরু হওয়ায় কলকাতা পুরসভা শহরের চারটি বোরো এলাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে ২৫৪টি জলবাহী ট্যাঙ্কার পাঠিয়েছে। এই মেরামতির জেরে জল সরবরাহে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
পুরসভার জল সরবরাহ বিভাগের রিপোর্ট অনুযায়ী, ট্যাঙ্কারগুলির মধ্যে ১১৯টি বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য, ১০৯টি বস্তি এলাকায় এবং ২৬টি হাসপাতালে জল পৌঁছে দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, জলসংকট মোকাবিলায় সাধারণ নাগরিকের পাশাপাশি হাসপাতালগুলির জল সরবরাহের দিকেও বিশেষ নজর দিয়েছে পুরসভা। এলাকাভিত্তিক হিসাবে, সেন্ট্রাল এলাকায় সর্বাধিক ১৫০টি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। বোরো নম্বর ১-এ ৫৩টি, বোরো নম্বর ৪-এ ২৬টি এবং বোরো নম্বর ২-এ ২৫টি ট্যাঙ্কার সরবরাহ করা হয়েছে। এই সময়কালে জল সরবরাহ সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে পুরসভার হেল্পলাইনে মোট ২০৫টি ফোন এসেছে, যার মধ্যে ৯৭টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। টালা ব্রিজের নীচে পাইপলাইনের মেরামতির কাজ এখনও চলছে।
পুরসভা জানিয়েছে, কাজ চলাকালীন জল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাসিন্দাদের অসুবিধা কমাতে ট্যাঙ্কার পরিষেবা অব্যাহত রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য কলকাতা পুরসভা সংশ্লিষ্ট নাগরিকদের কাছে দুঃখপ্রকাশ করেছে। জল সরবরাহ সংক্রান্ত প্রয়োজনে পুরসভার হেল্পলাইন নম্বর বা নির্দিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।









