ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পালিত হল ভাইফোঁটা উৎসব। তবে এ বছর এই উৎসবের তাৎপর্য ছিল অন্যরকম। কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বোনেদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ভাইয়েরা বিশেষ উপহার তুলে দিলেন তাঁদের হাতে। এই অভিনব উদ্যোগে সুন্দরবনের ১০০ জন মহিলার হাতে সেলাই মেশিন, ৫০টি ভ্যান রিকশা এবং ২০০টি ছাগল তুলে দেওয়া হয়।
পাশাপাশি, আরও ৪০ জন মহিলাকে ব্যবসা শুরুর জন্য ১ হাজারটি শাড়ি, ১ হাজারটি ওড়না, ১ হাজারটি সায়া ও ১ হাজারটি নাইটি প্রদান করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের নিজস্ব জীবিকা অর্জনের সুযোগ করে দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিভান অফ মার্সি (ইউকে)-এর চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম ইকবাল প্যাটেল, হাফেজ সালেহ, ট্রাস্টের সম্পাদক মাওলানা হাফিজুর রহমান পেয়াদা, সভাপতি ক্বারী আব্দুল গাফফার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা প্রত্যেকেই সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার উপর জোর দেন। বিভিন্ন ধর্মের ভাই-বোনেরা এদিন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ভাইফোঁটার এই বিশেষ আয়োজন একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনই অন্যদিকে বোনেদের হাতে জীবিকার উপকরণ তুলে দিয়ে নারী স্বনির্ভরতার এক অনন্য নজির তৈরি করেছে। এই উদ্যোগ নিঃসন্দেহে সুন্দরবনের বুকে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা আগামী দিনে অনেককেই অনুপ্রাণিত করবে।









