ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে বিজেপি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) ২০২৬ সালের ইক্যুইটি বিধি ঘিরে উচ্চবর্ণের একাংশের ক্ষোভ সামাল দিতে নিয়মগুলি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু তাতেই কি মিটবে বিজেপির জাতপাতের সমীকরণ?
বিতর্কের কেন্দ্রে রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতিভিত্তিক বৈষম্য রুখতে তৈরি নতুন নির্দেশিকা। তফসিলি জাতি, জনজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সুরক্ষার পক্ষে থাকলেও, নিয়মের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে আপত্তি তুলেছেন উচ্চবর্ণের একাংশ। তাঁদের অভিযোগ, সাধারণ শ্রেণির পড়ুয়ারা বৈষম্যের অভিযোগ জানানোর ক্ষেত্রে সমান সুরক্ষা পাচ্ছেন না।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে নতুন কমিটি গঠন করে বিধিগুলি পর্যালোচনার কথা জানিয়েছে কেন্দ্র। কিন্তু বিজেপির সামনে দ্বিমুখী বিপদ। নিয়ম বাতিল করলে দলিত ও ওবিসি ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে, আবার নিয়ম বহাল রাখলে ক্ষুব্ধ হতে পারেন দলের ঐতিহ্যগত উচ্চবর্ণের সমর্থকেরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু পর্যালোচনার আশ্বাসে ক্ষোভ কমবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। ভোটের আগে এই বিতর্ক বিজেপির কাছে কার্যত অগ্নিপরীক্ষা!









